ঢাকায় দুই দিনে ১৪টি জনসভা করবেন তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ মুহূর্তে রাজধানী ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকায় দুই দিনে মোট ১৪টি জনসভা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে আজ ও আগামীকাল ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এসব জনসভা অনুষ্ঠিত হবে।

শনিবার, (০৭ ফেব্রুয়ারী ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় প্রচারণা শেষে তারেক রহমান এখন ঢাকায় তার নির্বাচনী কার্যক্রম জোরদার করবেন।

মাহদী আমিন জানান, প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী তারেক রহমান আজ ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে প্রচারণা চালাবেন। তার কর্মসূচি শুরু হবে দুপুর ২টায় ঢাকা-১৭, নিজ আসনের ইসিবি চত্বরে জনসভার মাধ্যমে। এরপর তিনি ধারাবাহিকভাবে যে স্থানগুলোতে বক্তব্য রাখবেন সেগুলোর মধ্যে রয়েছে দুপুর পৌনে ৩ টায় ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ (প্রার্থী: আমিনুল হক)। বিকেল সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় (প্রার্থী: শফিকুল ইসলাম খান মিল্টন)। বিকেল সোয়া ৪টায় ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট (প্রার্থী: সানজীদা ইসলাম তুলি)। বিকেল সোয়া ৫টায় ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠ (প্রার্থী: ববি হাজ্জাজ)। সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠ (প্রার্থী: এম এ কাইয়ুম)।

দ্বিতীয় দিনের কর্মসূচি অনুযায়ী তারেক রহমান আগামীকাল তার নিজের নির্বাচনী এলাকা (ঢাকা-১৭) এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টি আসনসহ মোট ৮টি জনসভায় অংশ নেবেন। এদিন বেলা ১১টায় বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে জনসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর তিনি ধারাবাহিকভাবে যে স্থানগুলোতে বক্তব্য রাখবেন সেগুলোর মধ্যে রয়েছে দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠ (প্রার্থী: শেখ রবিউল আলম রবি)। দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোড (প্রার্থী: মির্জা আব্বাস)। দুপুর ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠ (প্রার্থী: হাবিবুর রশীদ হাবিব)। বিকেল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড (প্রার্থী: নবী উল্লাহ নবী)। বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোড (প্রার্থী: তানভীর আহমেদ রবিন)। বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠ (প্রার্থী: ইশরাক হোসেন)। সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠ (প্রার্থী: হামিদুর রহমান হামিদ)।

দলীয় সূত্রে জানা গেছে, এসব জনসভায় তারেক রহমান দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতায় গেলে আগামী দিনের বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে ভোটারদের সামনে বক্তব্য তুলে ধরবেন। কর্মসূচিগুলো সফল করতে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

» পুরনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে: হাসনাত

» ইনকিলাব মঞ্চে হামলার জন্য সরকার দায়ী : নাসীরুদ্দীন নিজস্ব বার্তা পরিবেশক

সম্প্রতি