অতীতে একাধিকবার সরকারে থাকাকালীন বিএনপির ‘অনিচ্ছাকৃত’ ভুল-ত্রুটির জন্য ‘দুঃখপ্রকাশ’ করে আসন্ন সংসদ নির্বাচনে দেশবাসীর সমর্থন ও ভোট চেয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও তিনি দেশবাসীর সমর্থন চান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সোমবার, (০৯ ফেব্রুয়ারী ২০২৬) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
বিটিভিতে সম্প্রচার হওয়া এ ভাষণে তারেক রহমান বলেন, ‘বিদেশ থেকে দেশে ফিরে আমি এই স্বল্প সময়ে যতটুকু সম্ভব আপনাদের কাছে ছুটে গিয়েছি; আমি আপনাদের ভালোবাসা পেয়েছি। বিএনপির প্রতি আপনাদের আবেগ ও ভালোবাসা উপলব্ধি করেছি। ১২ ফেব্রুয়ারি বিএনপির প্রতি আবারও আপনাদের ভালোবাসা প্রকাশের দিন।’
তিনি বলেন, ‘অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল-ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই।’
তারেক রহমান বলেন, ‘আমি দেশ ও জনগণের জন্য আপনার এবং আপনার পরিবারের সদস্যের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই।’
‘জবাবদিহিতার বিকল্প নেই’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার; বিএনপির অঙ্গীকার। আপনাদের কাছে আমার অঙ্গীকারের কারণ, আপনারাই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।’
*যাত্রাবাড়ীতে সমাবেশ*
এ দিন বিকেলে ঢাকার যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে ভোটের দিন ভোটকেন্দ্রে ফজরের নামাজ আদায় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। জনসভায় এ আসনের ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবী সভাপতিত্ব করেন।
বিএনপি চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সকাল থেকে ভোটকেন্দ্রে থাকবেন। ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে আদায় করবেন। ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারেন। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না। ভোট বুঝে নিয়ে আসবেন। হিসাব বুঝে নিয়ে আসবেন।’
তারেক রহমান বলেন, ‘১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের এক সহযোগী আছে। তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় সবাই দেখেছে, তাদের লোকজন নকল ব্যালট বানাতে গিয়ে ধরা পড়েছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।’
বিকেল পাঁচটার পর যাত্রাবাড়ীর এই জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সামনে তিনি দেশ গড়তে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমান বলেন, দেশকে গড়তে হলে অবশ্যই পরিকল্পনা থাকতে হবে। জাতির ভাগ্য পরিবর্তন করতে হলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে। আর দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অভিজ্ঞতা থাকতে হবে। একমাত্র বিএনপিরই সেই অভিজ্ঞতা রয়েছে।
তারেক রহমান বলেন, ‘অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি। অনেক মধুর মধুর কথা শুনি। যেগুলো কথা শুনে আমাদের হয়তো ভালো লাগে, আমরা জোরে জোরে হাততালি দিই। কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার নয়, দেশ পরিচালনা অনেক কঠিন ব্যাপার।’
এ সময় মঞ্চের সামনে থাকা নেতাকর্মী ও সমর্থকরা সমস্বরে তাদের এলাকার গ্যাস সংকটের কথা জানান। তারেক রহমান বলেন, ‘আগের যে সরকার ছিল, তাদের নিজেদের লোকজনের যাতে ঘুষ কামাই হয়, এই জন্য বিদেশ থেকে গ্যাস নিয়ে আসতো। কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খনি তারা বের করেনি। বাংলাদেশে প্রচুর গ্যাসের খনি আছে।’ সেই খনি আবিষ্কার করে সেখান থেকে গ্যাস উত্তোলন করে গ্যাস সংকট মোকাবিলার কথা বলেন তারেক রহমান।
ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় ইপিজেড করার ঘোষণা দেন তারেক রহমান। এই এলাকায় বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেন তিনি। নবী উল্লাহ নবীর দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-৫ আসনের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই এলাকায় হাসপাতাল করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।
বিগত সময়ে ভোটের অধিকার আদায়ে ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় যারা রাজপথে ছিলেন, গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। জুলাই আন্দোলনে স্বৈরাচার তাড়াতে মুখ্য ভূমিকা পালন করায় যাত্রাবাড়ী এলাকার মানুষকে ধন্যবাদ জানান তিনি।