তারেকের জন্য ফুল আর মিষ্টি পাঠিয়েছেন মমতা

সংবাদ অনলাইন রিপোর্ট

শুধু ফোন দিয়ে অভিনন্দন নয়, ভোটে জেতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ফুল আর মিষ্টিও পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গত শনিবার পাঠানোর এই ফুল-মিষ্টির সঙ্গে একটা শুভেচ্ছা বার্তা থাকার তথ্যও দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মমতার পাঠানো এসব উপহার গ্রহণ করেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

বিএনপি নেতাদের বরাতে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর টেলিফোনে তারেক রহমান ও মমতার মধ্যে আলাপও হয়েছে। এর আগে গত শুক্রবার ভোটের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানান মমতা। তিনি লেখেন, ‘নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করায় আমি তারেক ভাই, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলকে অভিনন্দন জানাই। আমি সব সময় আশা করি, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তরিক সম্পর্ক অব্যাহত থাকবে।’

বিএনপির এক নেতা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তিস্তার পানি চুক্তি এ ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা তারেক রহমানকে সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের ন্যায্য পানির অধিকার আদায়ের কথা বিএনপির ইশতেহারেও রয়েছে।’

তবে মমতা বরাবরই তিস্তার পানি বণ্টন চুক্তির বিরোধী। তার যুক্তি, তিস্তায় পর্যাপ্ত পানি নেই এবং এই পানির ভাগ বাংলাদেশকে দিলে তার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। গত ডিসেম্বরে খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান মমতা। যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

মমতা একাধিকবার শেখ হাসিনাকে নিজের বোন হিসেবে মন্তব্য করেছেন। তাদের মধ্যে উপহার আদান-প্রদানও হতো, যার মধ্যে ইলিশ ও মিষ্টিও রয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

» শপথের পরে সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

» বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান

» এক বিষয়ে আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: মির্জা ফখরুল

সম্প্রতি