ক্রিকেট বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে ফুটবলের জনপ্রিয় দেশ ইতালির। টি-২০ বিশ্বকাপের দশম আসরে ‘সি’ গ্রুপে আজ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্ব থেকে টিকেট পাওয়া ইতালি। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
ফুটবল বিশ্বকাপের গত দুই আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি চারবারের চ্যাম্পিয়ন ইতালি। তবে গতবছর ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি। এক জরিপে দেখা গেছে, ইতালির জনপ্রিয় দশ খেলার মধ্যে ‘ক্রিকেট’ নেই।
ইউরোপিয়ান অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে খেলার টিকেট পায় ইতালি। বাছাই পর্বে ৪ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৫ পয়েন্ট নিয়ে রান রেইটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে ইতালি।
বাছাই পর্ব খেলার সময় আইসিসি টি-২০ র্যাংকিংয়ে ৩২তম স্থানে ছিল ইতালি। এবার ২৭তম স্থানে থেকে বিশ্বকাপ খেলতে নামবে তারা।
বিশ্বকাপের অভিষেকটা স্মরণীয় করে রাখতে চায় ইতালি। দলের অধিনায়ক ওয়েইন ম্যাডসেন বলেন, ‘আমাদের জন্য কাল (আজ) অবিস্মরণীয় দিন হতে যাচ্ছে। ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইতালি। এই দিনকে আরও বেশি স্মরণীয় করে রাখতে ২২ গজে সেরা ক্রিকেট খেলতে হবে সবাইকে। ব্যাট-বল হাতে জ্বলে উঠে জয় নিয়ে আমরা মাঠ ছাড়তে চাই।’
২০১৯ সালের মে মাসে টি-২০ ফরম্যাটে পথচলা শুরু হয় ইতালির। এখন পর্যন্ত ২৫টিতে জয়, ১৩টিতে হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে তাদের। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে হারে ইতালি। এরপর বিশ্বকাপের দু’টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ইতালি। কানাডাকে ১০ রানে এবং আরব আমিরাতকে ১১২ রানে হারায় তারা।
আয়ারল্যান্ড সিরিজ ও প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে বলে জানান ম্যাডসেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে হারলেও, আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছি।