টি-২০ বিশ্বকাপের গত আসরে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছিল পাকিস্তান। চলতি বিশ্বকাপে আজ দেখা হচ্ছে দু’দলের। গত আসরে যুক্তরাষ্ট্রের কাছে হারের প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে আগের জয়ে উজ্জীবিত যুক্তরাষ্ট্র আবারও এগিয়ে যেতে বদ্ধপরিকর।
কলম্বোতে ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
২০২৪ সালের জুনে ডালাসে ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারে পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে ৩ উইকেটে ১৫৯ রান তুলে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। পরে সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১৮ রান তুলে যুক্তরাষ্ট্র। জবাবে পাকিস্তান ১ উইকেটে ১৩ রানে আটকে যায়। ফলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের কাছে ওই হার এখনও পোড়ায় পাকিস্তানকে। কারণ ওই হারেই গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান।
এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে সর্তক পাকিস্তান। গত বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে মরিয়া তারা। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, ‘গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের দুঃস্মৃতি এখনও আমাদের মনে আছে। এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্তক আমরা। নিজেদের পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে চাই। গত আসরের হারের প্রতিশোধ নেয়াই আমাদের প্রধান লক্ষ্য।’
ইতোমধ্যে জয় দিয়ে চলতি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়েছে সালমানের দল।
নিউজিল্যান্ডকে চমকে দিতে চায় আরব আমিরাত
টানা দ্বিতীয় জয়ে চোখ রেখে আজ ‘ডি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে আরব আমিরাত। এক আসর পর আবারও বিশ্বকাপ খেলতে নামছে তারা। চেন্নাইয়ে ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে তিনটায়। দুর্দান্ত জয়ে দশম আসরে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারায় আফগানিস্তানকে। প্রথমে ব্যাট করে গুলবাদিন নাইবের মারমুখী ৬৩ রানের সুবাদে ৬ উইকেটে ১৮২ রান করে আফগানিস্তান। জবাবে ওপেনার টিম সেইফার্টের ঝড়ো ইনিংসে ১৩ বল বাকি রেখেই জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপে ১৭০ রানের বেশি তাড়া করে কখনও জিততে পারেনি ব্ল্যাকক্যাপসরা। ৬৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে সেরা খেলোয়াড় হন সেইফার্ট।
প্রথম ম্যাচের ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রেখে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে দলের ওপেনার সেইফার্ট বলেন, ‘প্রথম ম্যাচে আমরা দারুণ এক জয় পেয়েছি। এই জয় আমাদের পরের ম্যাচগুলোতে ভালো খেলতে উৎসাহিত করবে। আরব আমিরাতের বিপক্ষেও আমরা জয়ের জন্য মাঠে নামব।’