image

বিসিবিকে শাস্তি দিবে না আইসিসি

সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতের বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলতে আইসিসিকে শর্ত দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে সেই শর্ত মেনে নিয়েছে তারা। যপাশাপাশি এটাও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কোনো শাস্তি দেওয়া হবে না।

স্থানীয় সময় গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইসিসি।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। একই সঙ্গে বিসিবি চাইলে আইসিসির নিয়ম অনুযায়ী ডিসপিউট রেজল্যুশন কমিটিতে (ডিআরসি) যাওয়ার অধিকারও বহাল থাকবে।’

আইসিসি আরও জানায়, তাদের এই সিদ্ধান্ত নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ভিত্তিতে নেওয়া হয়েছে। শাস্তিমূলক পদক্ষেপের পরিবর্তে সহযোগিতামূলক পরিবেশ তৈরিই তাদের লক্ষ্য।

জানা যায়, এই সমঝোতার অংশ হিসেবে ২০৩১ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে। বাংলাদেশ ওই বিশ্বকাপের যৌথ আয়োজকও। আইসিসি বলেছে, এটি বাংলাদেশের আয়োজক সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করে এবং দেশটিতে ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রতিফলন।

প্রসঙ্গত, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে খেলতে রাজি ছিল না। পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি করে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে দেয়। পরিবর্তে অন্তর্ভুক্ত করে স্কটল্যান্ডকে।

বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনার পর পাকিস্তান সরকারও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয় এবং বিষয়টি বাংলাদেশের ইস্যুর সঙ্গে যুক্ত করে। এরপর সোমবার পিসিবি আইসিসির সঙ্গে আলোচনায় বসে, যেখানে বিসিবির জন্য কোনো প্রতিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

‘খেলা’ : আরও খবর

» ডিআরইউ ব্যাডমিন্টন

সম্প্রতি