কুস্তা গ্রামে সেতুর জীর্ণদশা: দ্রুত ব্যবস্থা নিন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা গ্রামে ইছামতী নদীর ওপর নির্মিত সেতুটি জীর্ণদশায় উপনীত হয়েছে। বিগত সময় বন্যায় সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটি নির্মাণের পর আর সংস্কার করা হয়নি। যাতায়াতের জন্য সেতুটির ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করছে। সংশ্লিষ্ট এলাকার হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জানা গেছে, সেতুটি প্রায় ১৮ লাখ টাকায় নির্মিত হয়েছিল ২০০২ সালে। নদী ভাঙনের কারণে সেতুর পশ্চিম পাশের সম্পূর্ণ অংশ নদীতে বিলীন হয়ে গেছে। সেতুর পূর্ব পাশের দুটি পাটাতন ধসে গেছে। ক্ষতিগ্রস্ত সেতুর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও তা স্থায়ী নয়। সাঁকোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। পণ্য পরিবহনে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ হচ্ছে। ভুক্তভোগীরা এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নতুন সেতু নির্মাণের জন্য সয়েল টেস্টসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, দ্রুত সেতুটি নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

যথাসময়ে সেতু নির্মাণ না হলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যহত হয়। স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নেবে বলে আমরা আশা করতে চাই। সেতু নির্মাণের যে উদ্যোগের কথা শোনা যাচ্ছে সেটা যথাসময়ে বাস্তবায়ন হচ্ছেÑএমনটাই আমরা দেখতে চাই।

সম্প্রতি