রাজধানীর মোহাম্মদপুরের বসিলা, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ভয়ংকর কিশোর গ্যাং কালচার। ছিনতাই, চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। সর্বশেষ শনিবার রাতে আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
শনিবার রাতে আদাবরের আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় চড়াও হয় কিশোর গ্যাং সদস্য কালা রাসেল ও তার সহযোগীরা। ভুক্তভোগী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল এই চক্রটি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র নিয়ে কারখানার শ্রমিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। এই হামলায় অন্তত তিনজন শ্রমিক গুরুতর আহত হন।
এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ফুঁসে ওঠেন স্থানীয় এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা। তারা রাতেই আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। জানা গেছে, বিক্ষুব্ধ জনতা এ সময় অভিযুক্ত কালা রাসেলের বাবাকে আটকে করে পুলিশের হাতে তুলে দেয়।
বসিলার তিন রাস্তার মোড় এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে গা শিউরে ওঠা দৃশ্য। দিনদুপুরেই পথচারীদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুধু ছিনতাই নয়, প্রকাশ্য দোকানে ঢুকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে তারা। এই এলাকায় মূলত কিলার বাদল গ্রুপ, মোল্লা কাউসার, গ্রেজ সোহেল, কালা ফারুক ও বাত রাসেল গ্রুপের দাপট সবচাইতে বেশি।
চাঁদা না দিলে গোটা মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়া হবে এমন হুমকিও রেকর্ড হয়েছে দোকানের সিসি ক্যামেরায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত কালা রাসেলসহ কয়েকজনকে আটক করেছে। তিনি বলেন, প্রত্যেক এলাকায় আমাদের মোবাইল পেট্রোল টিম রয়েছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর দ্রুত পুলিশকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব।
বর্তমানে মোহাম্মদপুর, ঢাকা উদ্যান ও বসিলা সিটি হাউজিং এলাকায় আতঙ্ক কাটাতে পুলিশের টহল ও বিভিন্ন পয়েন্টে পাহারা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক: আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা
নগর-মহানগর: যাত্রাবাড়ীতে ‘তল্লাশির সময়’ পুলিশকে ছুরিকাঘাত