image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সিলেট নগরের তারাপুর চা বাগানে শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান।

মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি বলেন, ‘ভোরে কে বা কারা মন্দিরে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মন্দিরের ভেতরের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশের একটি দোকানের লোক প্রথম ধোঁয়া দেখতে পেয়ে তাকে খবর দেন। এসে দেখেন পর্দাসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।’ তিনি বলেন, ‘আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি, শ্রীমদ্ভগবদগীতা এবং পূজার কাপড় ও পর্দা পুড়ে যায়।’ একটি পঞ্চতত্ত্বের ছবি তিনি কষ্ট করে উদ্ধার করতে পেরেছেন পেরেছেন বলেও জানান।এ ঘটনায় কারও সঙ্গে কোনো বিরোধ বা ঝগড়া ছিল না বলেও দাবি করেন তিনি। তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় সাংবাদিকদের বলেন, ‘প্রায় তিন বছর ধরে আমরা এখানে পূজার কার্যক্রম পরিচালনা করে আসছি। হঠাৎ করে কে বা কারা আগুন দিলো, কিছুই বুঝতে পারছি না। এতে আমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।’ বিকেলে তারাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মুদি বলেন, ‘মন্দিরে আগুনের ঘটনায় মামলা করতে থানায় এসেছি। বাগান ও চা শ্রমিকদের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।’ অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, ‘গুয়াবাড়ি এলাকায় মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে সেটি খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে। নগর পুলিশের কর্মকর্তারা মন্দিরটি পরিদর্শন করেছেন। মন্দিরে সিসি ক্যামেরা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি