গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব দল ও মতের মধ্যে যে ঐক্য বিদ্যমান ছিল, সরকার গঠনের পরও তা অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা সংযোজন এবং একাডেমিক পরিবেশ উন্নয়নে শিক্ষক সমিতি, সাদা দল ও ইউট্যাব ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
গতকাল দুপুরে শিক্ষক লাউঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও জবির ভবিষ্যৎ পরিচালনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে অধ্যাপক রইছ উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার দর্শনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, একই আদর্শিক ভিত্তির ওপর সরকার গঠিত হয়েছে এবং সেই দর্শনের আলোকে বিশ্ববিদ্যালয় আরও গতিশীলভাবে পরিচালিত হবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দীর্ঘ ১৭ বছর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি দাবি করেন, ১৯৭১-২০২৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মধ্যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে শান্তিপূর্ণ ও সংঘাতহীন। জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় দলটিকে অভিনন্দন জানান অধ্যাপক রইছ উদ্দীন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রচলিত রাজনীতির বাইরে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। রাষ্ট্র পরিচালনায় যেন কেউ নিগৃহীত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ন্যায়পরায়ণতা ও মানবিকতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্বেষমূলক বা প্রতিহিংসাপরায়ণ বক্তব্য যেন কোনোভাবেই সামাজিক অস্থিরতা সৃষ্টি না করে। ধর্ম, মত ও পথ নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষাংশে অধ্যাপক রইছ উদ্দীন ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে একটি আদর্শ ও মডেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সরকারের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদসহ শিক্ষক সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নগর-মহানগর: ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ
সারাদেশ: ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ