আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন আওয়ামী লীগের দুই নেতা।
শনিবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া দিয়ে আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করে।
আটকরা হলেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন এবং মহানগর কমিটির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের এই দুই নেতা শহীদ মিনারে ফুল দিতে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাদের ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেওয়া শুরু হয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি বেগতিক দেখে তারা স্থান ত্যাগ করার চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ জনতার হাত থেকে ওই দুই নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, জনরোষের হাত থেকে বাঁচাতে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের থানায় রাখা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অর্থ-বাণিজ্য: সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়লো
অর্থ-বাণিজ্য: টানা দরপতনেও বাজার মূলধন বাড়লো হাজার কোটি টাকা