সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৫ ফেব্রুয়ারি তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
জনসংযোগ কর্মকর্তা জানান, বিচারপতি নাইমা হায়দার তাঁর পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠিয়েছেন। প্রধান বিচারপতির মাধ্যমে এটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। পদত্যাগপত্রে তিনি তাঁর এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।
গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিচার বিভাগে সংস্কারের দাবিতে সোচ্চার হয় বৈষম্যবিরোধী আন্দোলন। আন্দোলনের মুখে হাইকোর্টের যে ১২ জন বিচারপতিকে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে রাখা হয়েছিল, নাইমা হায়দার ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। সেই থেকে তিনি নিয়মিত বিচারিক কাজ থেকে বিরত ছিলেন।
সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে বিচারপতি নাইমা হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তাঁর উচ্চশিক্ষার ঝুলিতে রয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ও পিএইচডি ডিগ্রি। এ ছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। ২০০৯ সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
রাজনীতি: পোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা