নতুন সরকার শপথ নেয়ার আগের দিন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এলেন নাসিমুল গনি। তিনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলে আসছিলেন।
সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর মধ্য দিয়ে প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ এই পদে একদিনের মাথায় আবারও পরিবর্তন এলো। নির্বাচনের দুই দিনের মাথায় গত শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের সঙ্গে চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার।
সেদিন এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পাওয়া শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ ‘তার আবেদনের পরিপ্রেক্ষিতে’ বাতিল করা হলো।
ওই দিনই আরেক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। একদিন পরই সেখানে নাসিমুল গনিকে আনা হলো।
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর অবসর থেকে ফিরিয়ে এনে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল নাসিমুল গনিকে। প্রথমে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পেলেও পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর তাকে স্বরাষ্ট্র সচিব করা হয়। অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া নাসিমুল গনি এক সময় ছিলেন বিএনপি নেতা জমির উদ্দিন সরকারের পিএস। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
যুগসন্ধিক্ষণে বিশাল দায়িত্ব
পড়েছে: নাসিমুল গনি
নতুন মন্ত্রিসভার জন্য কী ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে তা জানিয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, ‘সাধ্যমত’ তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি বলেন,‘দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব। আমার সাধ্যমত, অতীতে যেভাবে কাজ করেছি সেই একইভাবে কাজ করবো।’
সোমবার তার দপ্তরে প্রবেশের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন দায়িত্ব নেয়ার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
নতুন মন্ত্রিসভার শপথসহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে নাসিমুল গনি বলেন, ‘তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে, একজন মন্ত্রী মহোদয় আসেন তার জন্য গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে এলার্ট করতে হয়। তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এ সমস্ত কিছু দেখতে হয়।’
এসব কাজের জন্য প্রস্তুতি আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, সরকার সব সময়ই প্রস্তুত থাকে, সরকার ফেল করে না।’
নতুন মন্ত্রিপরিষদের তালিকা কখন পাওয়া যাবে প্রশ্নে নাসিমুল গনি বলেন, ‘এইটা নির্ভর করে যিনি ইনকামিং প্রধানমন্ত্রী হবেন তার ওপর, তার সিদ্ধান্তের ওপর। আমরা প্রস্তুতির জন্য আসছি। যখন নামগুলো আসবে তখন সবাই জানতে পারবেন। কতজনের মন্ত্রিসভা হবে সেটা উনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রস্তুতি থাকে, স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া সেটাই হবে।’