সড়কের পাশের গাছ কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া-রাণীরহাট ডিসি সড়কের পাশে চারটি গাছ কেটে ফেলা হয়েছে। এজন্য নেয়া হয়নি কোনো অনুমতি। বন বিভাগ বলছে, সড়কের পাশের এসব গাছ কে বা কারা কেটেছে, তা এখনো শনাক্ত করা যায়নি। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অনুমোদন ছাড়া সড়কের পাশের গাছ কাটার কোনো সুযোগ নেই। গাছগুলো ‘মরা’ ছিল বলে দাবি করা হয়েছে। তবে বিষয়টি যাচাই করা ও গাছ কাটার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এটা করতে পারে না।

সড়কের পাশের গাছ শুধু পরিবেশের জন্য নয়, পথচারী ও যানবাহনের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। গাছ সড়কের ধুলো ও গাড়ির ধোয়া নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে সড়কভাঙন প্রতিরোধে ভূমিকা রাখে। ফলে এমন গাছ নির্বিচারে কেটে ফেলা মানে জনস্বার্থকে উপেক্ষা করা।

এই ঘটনায় বন বিভাগ গাছগুলো উদ্ধার ও জব্দ করেছে। এটি দায়িত্বশীল পদক্ষেপ। তবে শুধু উদ্ধার করাই যথেষ্ট নয়। কারা এই কাজের সঙ্গে জড়িত, তা শনাক্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। সড়কের গাছ রক্ষায় স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানো দরকার, যাতে ভবিষ্যতে এমন ঘটনা ঘটার সুযোগ না থাকে।

পরিবেশ রক্ষার আইন কেবল কাগজে থাকলে চলবে না, তার বাস্তব প্রয়োগ নিশ্চিত করা জরুরি। সড়কের পাশের প্রতিটি গাছ রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করতে হবে।

সম্প্রতি