বগুড়ার শেরপুরে সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনগণের সামনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক অঙ্গীকার করেছেন। গত শনিবার দুপুর ২টায় শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে এই জনতার মুখোমুখি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অংশগ্রহণকারী প্রার্থীরা সুজন প্রণীত একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। অঙ্গীকারনামায় প্রার্থীরা প্রতিশ্রুতি দেন যে, তারা একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধিসহ সব ধরনের আইন মেনে চলবেন। নির্বাচনে কোনো ধরনের পেশিশক্তি, সন্ত্রাসী কর্মকা- বা ভোট কেনাবেচার মতো অনৈতিক প্রক্রিয়ায় তারা জড়াবেন না। প্রার্থীরা আরও অঙ্গীকার করেন, নির্বাচিত হলে তারা নিজ নিজ দলের ইশতেহার ও জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। বিশেষ করে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া এবং মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেয়ার ঘোষণা দেন তারা।
সুজন শেরপুর উপজেলা কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. দবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মীর মো. মাহমুদুর রহমান ও সিপিবির শিপন রবিদাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থীর প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু, সুজন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন ও শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সরাসরি উপস্থিত থেকে প্রার্থীদের প্রতি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও প্রশ্ন করেন। প্রার্থীরাও ধৈর্যসহকারে সেসব প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
রাজনীতি: পলাশে মঈন খানের পক্ষে নারী সমাবেশ
সারাদেশ: রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাজনীতি: নীলফামারী-১ আসনে আফিন্দির গণসংযোগে