আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেছেন, ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করার সুনির্দিষ্ট পরিকল্পনা, কর্মসূচি এবং অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ নির্বাচনী আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক বিশাল নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তারেক রহমান দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে আবেগঘন পরিবেশে নেতাকর্মীদের প্রশ্ন করেন, খালেদা জিয়া বলেছেন বাংলাদেশই আমার প্রথম এবং শেষ ঠিকানা। শুধু খালেদা জিয়া না, আমাদের সকলের প্রথম ও শেষ ঠিকানা কোনটি? জবাবে উপস্থিত জনতা সমস্বরে বাংলাদেশ বলে চিৎকার করে ওঠে।
তারেক রহমান বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনোই জনগণকে ফেলে যায়নি, বরং সুখ-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে ছিল।
দেশ পরিচালনায় বিএনপির অতীত রেকর্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন: বিএনপি এই মুহূর্তে দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ গড়ার সঠিক পরিকল্পনা ও অভিজ্ঞতা রয়েছে। জনগণ যতবার সুযোগ দিয়েছে, বিএনপি তার সর্বশক্তি দিয়ে দেশ গড়ার চেষ্টা করেছে। স্বৈরাচার এই দেশকে শেষ করে দিয়ে গেছে; এখন জনগণকে সাথে নিয়ে আমাদেরই এই দেশ গড়তে হবে। বাইরে থেকে কেউ এসে আমাদের দেশ গড়ে দিয়ে যাবে না।
ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে নিজের জন্য ভোট চাওয়ার পাশাপাশি সারাদেশের মানুষের কাছে সমর্থন চেয়েছেন তারেক রহমান। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, সারাদেশে আপনাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন আছে, সবার কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিন। মানুষের ভাগ্য পরিবর্তন এবং দেশকে সামনে এগিয়ে নিতে বিএনপিকে একবার সুযোগ দিন।
পথসভা শেষে তিনি উপস্থিত জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।
রাজনীতি: পলাশে মঈন খানের পক্ষে নারী সমাবেশ
সারাদেশ: রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাজনীতি: নীলফামারী-১ আসনে আফিন্দির গণসংযোগে