image
লাহোরে রোববার বুলবুলকে স্বাগত জানান পিসিবির কর্মকর্তারা

আইসিসির জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে বুলবুল

ক্রীড়া বার্তা পরিবেশক

পাকিস্তান-ভারত বিশ্বকাপ ম্যাচ বয়কট ইস্যুতে আইসিসির ডাকা জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার,(০৮ ফেব্রুয়ারী ২০২৬) ভোরে তিনি ঢাকা ছাড়েন। বৈঠকটি রোববার ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে আইসিসির অন্যান্য বোর্ড সদস্যরাও যুক্ত থাকবেন। পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুলবুল পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এই উদ্যোগের পেছনে রয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। আইসিসির ‘পক্ষপাতদুষ্ট অবস্থান’-এর অভিযোগ তুলে ম্যাচটি বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পুরো এই টানাপোড়েনে বাংলাদেশকে কেন্দ্রীয় ভূমিকায় দেখা হচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

রোববার সকালে বুলবুলের পাকিস্তান যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। ‘আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভায় অংশ নিতে লাহোরে গেছেন বিসিবি সভাপতি। রোববার স্থানীয় সময় বিকেল সভাটি শুরু হওয়ার কথা। সভা শেষেই আবার ফিরে আসবেন তিনি।’

এদিকে ভারতীয় গণমাধ্যমের আগের প্রতিবেদনে বলা হয়েছিল, পরিস্থিতি সামাল দিতে আইসিসি পর্দার আড়ালে আলোচনার উদ্যোগ নিচ্ছে এবং এ কাজে সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেয়া হয়েছে। বুলবুলের পাকিস্তান সফরকে সেই প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

চলতি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে সুযোগ দেয়ার পর পাকিস্তান সরকার ঘোষণা দেয়, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না তারা। বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই অনেক বছর ধরেই হয়ে উঠেছে একতরফা।

সেখানে ভারতেরই জজয়জয়কার। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বাণিজ্যিক দিক থেকেও বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এটিই। এই ম্যাচ না হওয়া মানে প্রবল আর্থিক ক্ষতি সংশ্লিষ্ট সবপক্ষেরই।

ভারত-পাকিস্তানের যেকোনও ম্যাচই ক্রিকেট বিশ্বের সবচেয়ে লাভজনক । সম্প্রচার, স্পন্সারশিপ ও বিজ্ঞাপন থেকে এতে কোটি কোটি ডলার আয় হয়। বাণিজ্যিক হিসাবে, একটি ভারত-পাকিস্তান টি-২০ ম্যাচের মোট মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার । এর মধ্যে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পন্সার কার্যক্রম, টিকিট বিক্রি ও সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম অন্তর্ভুক্ত।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান টি-২০ ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লটের মূল্য ২৫ থেকে ৪০ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে, যা ভারতের অন্যান্য শীর্ষ দলের বিপক্ষে নকআউট ম্যাচগুলোর তুলনায়ও অনেক বেশি।

ম্যাচটা বয়কট করা হলে সবচেয়ে তাৎক্ষণিক আর্থিক প্রভাব পড়বে ম্যাচটির অফিশিয়াল সম্প্রচারক প্রতিষ্ঠানের ওপর। শিল্পখাতের পূর্বাভাস অনুযায়ী, শুধু ভারত-পাকিস্তান ম্যাচ থেকেই প্রায় ৩০০ কোটি রুপি বিজ্ঞাপন আয় হওয়ার কথা ছিল বলে একটি ভারতীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি