আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ বৃষ্টিতে পণ্ড
টি-২০ বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অসিরা।
মঙ্গলবার, (১৭ ফেব্রুয়ারী ২০২৬) শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল।
৩ ম্যাচ খেলে ২ জয় ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারে প্রথম পর্বের বাঁধা টপকালো জিম্বাবুয়ে। এর আগে ২০২২ সালে প্রথম পর্ব টপকিয়ে সুপার টুয়েলভে খেলেছিলো তারা।
জিম্বাবুয়ের আগে এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলে ৩টিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে আছে লংকানরা।
জিম্বাবুয়ের সুপার এইট নিশ্চিত হওয়ায় এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। ৩ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি হারে ২ পয়েন্ট আছে অজিদের। গতকাল সোমবার রাতে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছিলো জিম্বাবুয়ের উপর। আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার কাছে জিম্বাবুয়ে হেরে গেলে আশা বেঁচে থাকতো অস্ট্রেলিয়ার। কিন্তু মঙ্গলবারের ম্যাচ না হওয়ায় তাদের আশা শেষ হয়ে যায়।
ওমানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও শ্রীলঙ্কা বা জিম্বাবুয়েকে টপকে যেতে পারবেনা অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের সব ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে আয়ারল্যান্ড। এবারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সুপার এইটে কোন রিজার্ভ ডে রাখা হয়নি। তবে ম্যাচ শেষ করতে প্রতি ম্যাচের জন্য অতিরিক্ত ১ ঘণ্টা রাখা হয়েছে। দু’টি সেমিফাইনাল ও ফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে আছে।
মঙ্গলবার জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের নির্ধারিত ম্যাচ টানা বৃষ্টির জন্য টস করাও সম্ভব হয়নি। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার পর বিকেল সাড়ে ৫টা নাগাদ দু’দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন ম্যাচ রেফারি ডিন কসকার। তারপর ম্যাচ বাতিল ঘোষণা করেন। ম্যাচ বাতিল হতেই উৎসব শুরু হয়ে যায় জিম্বাবুয়ে শিবিরে। সুপার এইটে ওঠার আনন্দে মেতে ওঠেন সিকান্দর রাজারা।
বাছাইপর্ব উতরাতে না পেরে গত বিশ্বকাপ খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার বাছাইয়ে অপরাজিত ছিলো তারা। মূল মঞ্চেও দারুণ ছন্দে আছে দলটি। শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফ্রিকার দলটি।