image
কানাডার পক্ষে সেঞ্চুরি করেন যুবরাজ সামরা

যুবরাজের সেঞ্চুরি ছাপিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ক্রীড়া বার্তা পরিবেশক

চলমান বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে সুপার এইটে উঠেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার, (১৭ ফেব্রুয়ারী ২০২৬) চেন্নাইয়ে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে কানাডাকে। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটের টিকেট পায় কিউইরা। এই গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের সবগুলোতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের সুপার এইট নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। এর আগে সুপার এইটে উঠেছে ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৪ বলে ১১৬ রানের সূচনা করেন কানাডার দুই ওপেনার যুবরাজ ও অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। ৩৯ বলে ৩৬ রান তুলে আউট হন বাজওয়া। ৫৮ বলে টি-২০তে প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেন যুবরাজ।

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সহযোগী দেশের মধ্যে কোন ব্যাটারের এটি প্রথম সেঞ্চুরি। এছাড়া ১৯ বছর ১৪১ দিন বয়সে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে ২২ বছর বয়সের নিচে কোনো ব্যাটারের এটি প্রথম সেঞ্চুরি।

২০১৪ সালের বিশ্বকাপে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ২২ বছর ১২৭ দিন বয়সে সেঞ্চুরি আগের রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের আহমেদ শেহজাদ।

যুবরাজের রেকর্ড সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান পায় কানাডা।

জবাবে ৩০ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর শক্ত হাতে নিউজিল্যান্ডের হাল ধরেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। দু’জনের ৭৩ বলে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৯ বল বাকি রেখে জয়ের বন্দরে পা রাখে কিউইরা।

৪টি চার ও ৬ ছক্কাতে ৩৬ বলে অপরাজিত ৭৬ রান করে ম্যাচসেরা হন ফিলিপস।

৪ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে অনবদ্য ৫৯ রান করেন রবীন্দ্র।

বিশ্বকাপ মঞ্চে সেঞ্চুরির

স্বপ্ন ছিল: যুবরাজ

শতরানের পর চোখেমুখে উচ্ছ্বাসের আভা নিয়ে বাঁহাতি ব্যাটার যুবরাজ বলেন, ‘সত্যি বলতে, আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করার পর থেকেই মনের ভেতর এই ছবি এঁকেছি। প্রতিটি দিন, প্রত্যেকটি দিন স্বপ্ন দেখেছি এই মঞ্চে সেঞ্চুরি করবো। বিশ্বকাপে প্রথম খেলতে এসে সেটা করতে পেরে এবং সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করে সত্যিকার অর্থেই স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

টি-২০ বিশ্বকাপে ভারতীয় গ্রেট যুবরাজ সিংয়ের সর্বোচ্চ স্কোর ৭৭, টি-২০ ক্রিকেটে সবমিলিয়েই তার সেঞ্চুরি নেই, তাকেই ছাড়িয়ে গেলেন কানাডার যুবরাজ, এই অনুভূতি যখন জানতে চাওয়া হলো, এই তরুণের আবেগ মিশে থাকল প্রতিক্রিয়ায়।

‘অবিশ্বাস্য লাগছে, আবেগের এত বেশি স্রোত বইছে ভেতরে, সত্যি বলতে ভাষায় প্রকাশ করতে পারব না। ছেলেবেলা থেকে যুরারাজ সিংকে আদর্শ মেনেছি। তার সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হতে পারাই স্পেশাল কিছু।’

এমন দিনে তার একটু আক্ষেপ বাবা মাঠে না থাকায়, ‘ তবে বাড়িতে বসে তিনি নিশ্চিত ভাবেই দেখছেন। সেই সেঞ্চুরি তার জন্য।’

বাবা তাকে সবসময়ই বলতেন যুবরাজ সিংকে কপি করতে। কিন্তু ছেলে সবসময় বলতেন, ‘আমি নিজের মতোই হতে চাই।’ বাবা নিশ্চয়ই এখন খুশিই হবেন, কথা রেখেছে ছেলে!’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি