image
পাকিস্তান ও নামিবিয়ার অধিনায়ক

পাকিস্তানের সুপার এইট নিশ্চিত করার মিশন বুধবার

সংবাদ স্পোর্টস ডেস্ক

নামিবিয়াকে হারিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ও শেষ দল হিসেবে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করতে চায় পাকিস্তান। বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলতে নামবে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। এদিকে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে একটিও জিততে পারেনি নামিবিয়া। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিতে চায় নামিবিয়া। কলম্বোতে দুপুর সাড়ে ৩টায় মাঠে নামবে দু’দল।

প্রথম দুই ম্যাচে জয় দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে পাকিস্তান। নেদারল্যান্ডসকে ৩ উইকেটে এবং যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারায় বাবর-আফ্রিদিরা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৬১ রানে হেরে যায় পাকিস্তান। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে পাকিস্তান।

এই গ্রুপ থেকে ৩ ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে সুপার এইটে খেলার দৌড়ে টিকে আছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে নেদারল্যান্ডস।

সুপার এইটে খেলার জন্য পয়েন্ট টেবিলের সমীকরণ বলছে নামিবিয়ার বিপক্ষে জিতলেই পরের রাউন্ডে যাবে পাকিস্তান। তখন গ্রুপের অন্য দলগুলোর আর কোন সুযোগ থাকবে না। তবে হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে পাকিস্তান। কারণ যুক্তরাষ্ট্রের সাঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে অনেক পিছিয়ে তারা। যুক্তরাষ্ট্রের আছে ০.৭৮৮ রান রেট। পাকিস্তানের রান রেট হলো, -০.৪০৩।

গ্রুপের আরেক ম্যাচে ভারতের বিপক্ষে জিতলে সুপার এইটের দৌড়ে থাকবে নেদারল্যান্ডসও। তখন যুক্তরাষ্ট্রের সাঙ্গে রান রেট নিয়ে হিসাব-নিকাশে বসতে হবে ডাচদের। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশ পিছিয়ে নেদারল্যান্ডস। ডাচদের রান রেট হলো, -১.৩৫২। তাই ভারতের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জয় পেতে হবে নেদারল্যান্ডসকে।

নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিতের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তিনি বলেন, ‘নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তিন বিভাগে ভালো করতে পারলে জয় পেতে সমস্যা হবে না। দলের সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’

এখন পর্যন্ত টি-২০ একবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নামিবিয়া। ২০২১ সালের বিশ্বকাপে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়েছিলো পাকিস্তান।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি