image

সুপার এইটে ছয় দল, বাদ আট!

ক্রীড়া বার্তা পরিবেশক

চলতি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠেছে দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড।

মঙ্গলবার, (১৭ ফেব্রুয়ারী ২০২৬) সকালের ম্যাচে কানাডাকে হারিয়ে বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে নক আউটে ওঠে নিউজিল্যান্ড। কানাডার যুবরাজ সামরা শতরান করেও দলকে জেতাতে পারেননি। বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে। ইতিমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে ছ’টি দেশ। সুপার এইটের লড়াই থেকে বাদ পড়েছে আটটি দেশ। এখনও দু’টি জায়গার জন্য লড়াই চলছে। সেই দুই জায়গায় কারা ওঠতে পারে তার জন্য প্রতিটি দলের সামনে রয়েছে আলাদা আলাদা অঙ্ক।

গ্রুপ এ : সুপার এইটে উঠেছে ভারত। বাদ নামিবিয়া।

বাকি একটি জায়গার জন্য তিনটি দল লড়াই করছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।

পাকিস্তান (পয়েন্ট ৪, নেট রানরেইট- ০.৪০৩)- আজ গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতে পারলেই সুপার এইটে জায়গা করে নেবে তারা। হারলেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবেন সালমান আলি আগার দল। কারণ সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রর সঙ্গে পয়েন্ট সমান থাকলেও নেট রানরেট কম হবে পাকিস্তানের।

আমেরিকা (পয়েন্ট ৪, নেট রানরেট +০.৭৮৭)- যুক্তরাষ্ট্র কোনো ম্যাচ বাকি নেই। তাদের সুপার এইটে ওঠা অন্য দলের খেলার ওপর নির্ভর করছে। পাকিস্তান নামিবিয়াকে হারালে বিদায় নেবে আমেরিকা। পাকিস্তান হারলে সুযোগ থাকবে তাদের। সে ক্ষেত্রে ভারতের কাছে হারতে হবে নেদারল্যান্ডসকে। বা ভারত হারলেও তফাৎ কম থাকতে হবে। সে ক্ষেত্রে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে নক আউটে যাবে যুক্তরাষ্ট্র।

নেদারল্যান্ডস (পয়েন্ট ২, নেট রানরেট -১.৩৫২)- পাকিস্তান জিতলে নেদারল্যান্ডসের স্বপ্ন শেষ। যদি পাকিস্তান হারে তারপরেও শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের। তবেই একমাত্র নেট রানরেটে সুপার এইটে উঠতে পারবে নেদারল্যান্ডস।

গ্রুপ বি : সুপার এইটে উঠেছে শ্রীলঙ্কা। বাদ গিয়েছে ওমান।

বাকি একটি জায়গার জন্য লড়াই রয়েছে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।

জিম্বাবুয়ে (পয়েন্ট ৪, নেট রানরেট +১.৯৮৪)- মঙ্গলবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই সুপার এইটে ওঠে যাবে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কায় বৃষ্টি হচ্ছে। ফলে খেলা যদি ভেস্তে যায় তা হলে ১ পয়েন্ট পাবে জিম্বাবুয়ে। সে ক্ষেত্রেও সুপার এইটে উঠে যাবে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।

অস্ট্রেলিয়া (পয়েন্ট ২, নেট রানরেট +০.৪১৪)-জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে দিলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। একমাত্র জিম্বাবুয়ে হারলে সামান্য সুযোগ থাকবে তাদের। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ওমানকে হারাতে হবে। তার পর প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন জিম্বাবুয়েকে হারিয়ে দেয়। তবেই নেট রানরেটে সুপার এইটে ওঠার সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার। অর্থাৎ, তাদের সামনে অঙ্ক বেশ কঠিন।

আয়ারল্যান্ড (পয়েন্ট ২, নেট রানরেট +০.১৫০)-জিম্বাবুয়েকে হারাতেই হবে। তারপর প্রার্থনা করতে হবে শেষ ম্যাচে জিম্বাবুয়ে শ্রীলঙ্কার কাছে ও অস্ট্রেলিয়া ওমানের কাছে হারে। তবেই নেট রানরেটে তাদের সুযোগ থাকবে নক আউটে যাওয়ার। অর্থাৎ, তাদের সামনে অঙ্ক বেশ কঠিন।

গ্রুপ সি: সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড।

বাদ পড়েছে স্কটল্যান্ড, ইতালি ও নেপাল। এই গ্রুপ থেকে দুই দল সুপার এইটে উঠে গিয়েছে। এই গ্রুপের বাকি খেলার ওপর কিছু নির্ভর করছে না।

গ্রুপ ডি: সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড।

বাদ গিয়েছে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

‘সি’ গ্রুপের মতো এই গ্রুপ থেকেও দুই দল সুপার এইটে ওঠেছে। এই গ্রুপের বাকি খেলার ওপর কিছু নির্ভর করছে না।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি