নতুন জিমন্যাস্ট তৈরির লক্ষ্য নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হল তৃণমূল জিমন্যাস্টিক্স প্রশিক্ষণ ক্যাম্প। দিনাজপুর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ২১ দিনব্যাপী এই ক্যাম্পে ৬০জন বালক এবং ২০ জন বালিকা অংশ নেয়। গতকাল সোমবার প্রশিক্ষণ ক্যাম্প শেষে বালক ও বালিকাদের হাতে সনদ তুলে দেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান। এ সময় প্রশিক্ষণ পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুম, সহযোগী প্রশিক্ষক মো. আসাদুজ্জামান লিমন, মো. নজরুল ইসলাম, মো. আসলাম হোসেন, মহিলা কোচ আজমেরী সুলতানা এবং মো. আবু শাহীন উপস্থিত ছিলেন। প্রতিদিন শিক্ষার্থীরা অংশ নিয়েছে ওয়ার্ম-আপ, ফ্লেক্সিবিলিটি, কোর স্ট্রেন্থ’ এবং ব্যালান্সিং ট্রেনিং। বিশেষ দিনগুলোতে অনুষ্ঠিত হয় ফ্লোর এক্সারসাইজ প্রদর্শনী, ল্যান্ডিং কৌশল এবং স্ট্রেচিং সেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘সব খেলার ভীত হলো জিমনাস্টিক্স। এটি কেবল একটি খেলা নয়; এটি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তৃণমূল প্রশিক্ষণ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’