image

হঠাৎ ঢাবিতে ফুটবল তারকা মেসুত ওজিল, মাতালেন ক্যাম্পাস

সংবাদ অনলাইন রিপোর্ট

পূর্ব ঘোষণা ছাড়াই অনেকটা নীরবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হাজির হলেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি মেসুত ওজিল। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই বুধবার বিকেলে তার এই ঝটিকা সফর। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনার ডামাডোলের মধ্যেই গতকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছান এই বিশ্বতারকা।

বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে ওজিলের উপস্থিতি সাধারণ শিক্ষার্থীদের জন্য ছিল এক বড় চমক। তার আসার খবর আগে থেকে জানা না গেলেও ক্যাম্পাসে ওজিল উপস্থিত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য মেডিকেল সেন্টার এলাকায় ভিড় জমান বিপুল সংখ্যক ফুটবল অনুরাগী ও শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু সূত্রে জানা গেছে, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা “টিকা” এর আর্থিক সহায়তায় এই মেডিকেল সেন্টারের সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় বিভিন্ন অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানিয়েছেন, মূলত “টিকা” এর পূর্ণাঙ্গ আর্থিক সহায়তায় এই উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যেই ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেন, টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন এবং টিকা বাংলাদেশের কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে যোগ দেওয়ার কথা রয়েছে ওজিলের। সংক্ষিপ্ত সফর শেষে কাল রাতেই তার দেশ ছাড়ার কথা রয়েছে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি