আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
এদিকে, গতকাল রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে তারাবিহর নামাজ জামাতে আদায় করেন। মূলত তারাবিহ আদায়ের মাধ্যমে রোজার পর্ব শুরু হয়। আর ভোররাতে সাহ্রি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন বা রোজা রাখার নিয়ত করেন।
এদিকে, গতকাল বুধবার থেকে রোজা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে। আর মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরসহ অনেক দেশে আজ বৃহস্পতিবার রোজা শুরু হয়েছে।
প্রসঙ্গত, মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। রোজা রাখার পাশাপাশি সাধ্যমতো দান-খয়রাত, পবিত্র কোরআন তিলাওয়াত এবং বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে এই রমজান মাস অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা