image

গাজায় শান্তিরক্ষী বাহিনীর জন্য এক হাজার সেনা প্রস্তুত রাখবে ইন্দোনেশিয়া

বিদেশী সংবাদ মাধ্যম

ইন্দোনেশিয়া এপ্রিলের শুরুতে প্রস্তাবিত বহুজাতিক শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে ১,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী মুখপাত্র ডনি প্রামোনো। এছাড়াও জুনের মধ্যে আরও ৮,০০০ সৈন্য প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ডনি প্রামোনো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক টেক্সট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।

ডনি প্রামোনো রয়টার্সকে বলেছেন, ইন্দোনেশিয়া এপ্রিলের প্রথম দিকে গাজায় প্রস্তাবিত শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ১,০০০ সৈন্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এছাড়াও জুনের মধ্যে আরও ৮,০০০ সৈন্য প্রস্তুত থাকবে। এই বিষয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘের অনুমোদিত শান্তিরক্ষা মিশনে অংশ নেবে, কিন্তু এটি কোনও রাজনৈতিক স্বীকৃতি বা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বোঝাবে না। মিশনের কাজ হবে মানবিক ও অযুদ্ধমূলক, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমতিতে, এবং ইন্দোনেশিয়ান সেনাদের কোনও পক্ষকে সশস্ত্রভাবে দমন করার অধিকার থাকবে না।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্পের শান্তি বোর্ডের প্রথম অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে ডোনাল্ড জে. ট্রাম্প ইনস্টিটিউট অফ পিসে, যা সম্প্রতি স্টেট ডিপার্টমেন্ট ট্রাম্পের নামে নামকরণ করেছে। এছাড়াও বৈঠকে ২০টির বেশি দেশের প্রতিনিধিসহ ও রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন।

সম্প্রতি বোর্ডের গঠন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমে সমর্থিত হয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের উদ্যোগ, যার লক্ষ্য গাজায় ইসরায়েল ও হামাসের সংঘাত সমাধান। গত বছর উভয় পক্ষ এই পরিকল্পনায় সম্মত হয়েছে এবং অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে উভয় পক্ষ একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি