বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। পারিবারিক কারণ দেখিয়ে বর্তমান প্রধান নির্বাচক লিপু দায়িত্ব চালিয়ে নিতে অপরাগতা প্রকাশ করায় শূন্য হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ পদে বাশারকেই সবচেয়ে যোগ্য মনে করছে বোর্ড।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতেই বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। চুক্তি অনুযায়ী চলতি মাসেই তার মেয়াদের সমাপ্তি ঘটছে। বোর্ড কর্তৃপক্ষ তাকে আরও দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব পালনের প্রস্তাব দিলেও ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে তিনি তাতে সায় দেননি। ফলে প্রধান নির্বাচকের পদটি দ্রুতই খালি হতে যাচ্ছে।
শূন্য হতে যাওয়া এই পদের জন্য এরই মধ্যে হাবিবুল বাশার সুমনের সাথে যোগাযোগ করেছে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, বাশারকে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে বাশার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি, তবে তিনি এই দায়িত্ব পালনে আগ্রহী বলে জানা গেছে। চূড়ান্ত সম্মতির জন্য তিনি বোর্ডের কাছে আরও কিছুদিন সময় চেয়ে নিয়েছেন।
দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে হাবিবুল বাশার সুমনের। লিপুর আগে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন প্যানেলেও তিনি সক্রিয় ছিলেন। পরবর্তী সময়ে তাকে নারী দলের প্রজেক্টসহ অন্য দায়িত্ব দেওয়া হলেও আবারও তাকে মূল নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে লিপুর বিদায়ের পর হাবিবুল বাশার সুমনের কাঁধেই উঠতে যাচ্ছে বিসিবির প্রধান নির্বাচকের গুরুদায়িত্ব।
সারাদেশ: হিলিতে লেবুর হালি ৬০ টাকা
সারাদেশ: বোয়ালখালীতে সবজিতে ভরপুর ফসলের মাঠ
অর্থ-বাণিজ্য: অর্থমন্ত্রী: এবারও সিলেট প্রথার ব্যতিক্রম