image

জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের হাত-পা বিচ্ছিন্ন

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সাব-ইন্সপেক্টরের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত পুলিশ সদস্য গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত সাব-ইন্সপেক্টর হাবিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে এসআই হাবিব পুলিশ সুপারের কার্যালয় থেকে হেঁটে পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী কমিউটার ট্রেন জয়দেবপুর রেললাইন অতিক্রম করছিল। মোবাইলে কথা বলতে বলতে তিনি অসাবধানতাবশত রেললাইনের দিকে এগিয়ে যান। এ সময় ট্রেনের নিচে পড়ে গিয়ে দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন হাসপাতালে ছুটে যান। তিনি আহত সহকর্মীর চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন।

বাংলাদেশ রেলওয়ে-এর জয়দেবপুর অংশের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, ট্রেনটি নিয়ম মেনেই চলাচল করছিল এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। রেললাইন এলাকায় চলাচলের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠাতে সহায়তা করে। ঘটনার পর এলাকায় কিছু সময় ভিড় তৈরি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।

‘সারাদেশ’ : আরও খবর

» কুষ্টিয়ার গাছে গাছে আমের মুকুল, বসন্তের আগমনের মনোমর দৃশ্য

সম্প্রতি