সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই একটি ১৮০ দিনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই রোডম্যাপ ঘোষণা করবেন বলেও তিনি তথ্য দিয়েছেন।
বুধবার সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ সব লক্ষ্য অর্জনে সব মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাকি আরও বলেন, মানুষ যে বিশাল প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে, তা বাস্তবায়নে কোনো ধরনের অলসতা বা সময় নষ্ট করা হবে না। নির্বাচনের সময় জনগণের কাছে যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এখনই শুরু হবে। বিশেষ করে দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের কঠোরভাবে সতর্ক করেছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্মের কারণে যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
সরকার একটি “ক্লিন সরকার” বা স্বচ্ছ শাসনব্যবস্থা গঠনের অঙ্গীকার করেছে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
১৮০ দিনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রিসভায় এই বিষয়ে আলোচনা করেছেন এবং খুব দ্রুত একটি সুস্পষ্ট রূপরেখা দেশবাসীর সামনে তুলে ধরবেন।
রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলেও তিনি সংবাদিকদের নিশ্চিত করেন।