নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরে দেশের ক্রিকেট সুষ্ঠুভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী মিনহাজুল আবেদীন নান্নু। বর্তমানে মাঠের ভেতর এবং বাইরে বিভিন্ন সমস্যার কারণে অস্থির সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। সংবাদমাধ্যমের সাঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘যেহেতু নবনির্বাচিত সরকার শপথ নিতে চলেছে, আমরা আশা করি সবকিছু সুষ্ঠুভাবে চলবে। ক্লাবগুলির মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিলো এবং সেসব সমস্যার সমাধান করতে হবে।’ ব্যক্তিগত বা দলীয় স্বার্থ সব কিছুর উর্ধ্বে রেখে ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া উচিত বলে মনে করেন নান্নু। বলেন, ‘আমরা চাই আমাদের ক্রিকেট সবার আগে থাকুক এবং বাংলাদেশ সবকিছুর উপরে থাকবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং মনে রাখতে হবে ক্রিকেট সবার আগে। খেলাধুলার সাঙ্গে কোনো আপস করা উচিত নয়। আমরা সবার জন্য সর্বোত্তম ফলাফল চাই।’
আরেক প্রশ্নের জবাবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক নান্নু বলেন, পাকিস্তান-ভারত ম্যাচের উত্তেজনা অনেকটাই ম্লান হয়ে গেছে। উপমহাদেশের মধ্যে বাংলাদেশের খেলা এখন সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি করে। তিনি বলেন, ‘পাকিস্তান-ভারত লড়াইয়ের চেয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ এখন অনেক বেশি উত্তেজনাপূর্ণ।’