মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সকালে আইন মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ সময় তিনি দেশের গণতন্ত্র রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের কথা বিশেষভাবে স্মরণ করেন।
আইনমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য হবে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া। বিশেষ করে জুলাই বিপ্লবসহ গত ১৬-১৭ বছরে যারা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য জীবন দিয়েছেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের চেতনাকে পাথেয় করেই মন্ত্রণালয় পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হচ্ছে কি না, সেদিকেও মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখবে।
সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে দলীয় মুখপাত্র ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছেন, তাই নতুন করে তাঁর আর কিছু বলার নেই।