image

“মব জাস্টিস” দমনে হার্ডলাইনে সরকার, সচিবালয়ে প্রথম কর্মদিবসে মির্জা ফখরুল

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় “মব জাস্টিস” বা গণপিটুনির মতো ঘটনাগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সচিবালয়ে নতুন সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

মন্ত্রী বলেন, বিগত সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেটুকু অবনতি হয়েছিলো, তা দ্রুত উন্নয়নের চেষ্টা করা হবে এবং যেকোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা হবে।

মন্ত্রণালয়ে নিজের প্রথম দিনের চ্যালেঞ্জ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো রাষ্ট্র পুনর্গঠন করা। প্রধানমন্ত্রী দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছেন, মন্ত্রিসভার সদস্য হিসেবে সেই পরিকল্পনা বাস্তবায়ন এবং জনগণের সমস্যা সমাধানে তারা কাজ করে যাবেন। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকায় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াকে তিনি বড় সুযোগ হিসেবে দেখছেন।

নিজের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই মন্ত্রণালয়কে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, পরিস্থিতি যতটা খারাপ ভাবা হচ্ছে, আসলে ততটা নয়। বরং আগের তুলনায় আইনশৃঙ্খলা ও সামষ্টিক অর্থনীতিতে অনেকটা স্থিতিশীলতা ফিরে এসেছে। বিশেষ করে ব্যাংক খাত নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।

তিনি মনে করেন, একটি বড় গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর সব কিছু মুহূর্তের মধ্যে স্বাভাবিক হওয়া কঠিন, তবে নির্বাচিত সরকার আসায় বড় লক্ষ্য অর্জিত হয়েছে এবং সমন্বিত প্রচেষ্টায় দেশ দ্রুত এগিয়ে যাবে।

নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবার কাছে গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচিত হয়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বা তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার পর রাজনৈতিকভাবে পরে জানানো হবে।

সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের প্রশংসা করে বিএনপি মহাসচিব ও বর্তমান মন্ত্রী বলেন, তারা একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়ে গণতন্ত্রে উত্তরণের যে মূল কাজটি করে দিয়ে গেছেন, তার জন্য তারা কৃতিত্ব পাওয়ার দাবিদার।

তাদের সময়কার কাজের জন্য আলাদা কোনো শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। দেশের শিক্ষা ও অর্থনীতিসহ সব খাতের ভঙ্গুর দশা কাটিয়ে তুলতে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলে তিনি আশ্বস্ত করেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি