আসন্ন পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রণালয়গুলোকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।
বৈঠক শেষে ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর আলোচনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, জনগণ এই সরকারের কাছে সুশাসন ও জবাবদিহিতা প্রত্যাশা করে। জনসমর্থনের প্রতি সম্মান জানিয়ে প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের যেকোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” বা কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে বিশেষ জোর দেওয়া হয়েছে এই বৈঠকে। নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো কীভাবে দ্রুত দৃশ্যমান করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের বিশেষ উদ্যোগের বিষয়টিও আলোচনায় উঠে আসে। তাদের জন্য দ্রুততম সময়ের মধ্যে কী ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, সে বিষয়ে কাজ করতে বলা হয়েছে।
বৈঠকে দেশের শ্রমবাজার প্রসারের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের শ্রমবাজারের যে ঐতিহাসিক সম্পর্ক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে তৈরি হয়েছিল, তা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। মাঝপথে তৈরি হওয়া স্থবিরতা কাটিয়ে নতুন করে বাজার উন্মুক্ত করতে প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে সরকারের কর্মপরিকল্পনাকে গতিশীল করতে আগামী ১৮০ দিনের একটি বিশেষ পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।